
কিশনগঞ্জ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারে জেলাশাসক নবীন কুমারের নির্দেশে জেলায় অবৈধ খনন এবং খনিজের বেআইনি পরিবহণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গলগলিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি পরিবহণের অভিযোগে একটি ট্রাক আটক করেছে খনি ও ভূতত্ত্ব দফতরের দল।
খনি পরিদর্শক সুনীল কুমারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তল্লাশির সময় ট্রাকচালকের কাছে বালি পরিবহণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি চাওয়া হয়। তবে চালক কোনও বৈধ পরিবহণ সংক্রান্ত নথি দেখাতে পারেননি। এরপর ট্রাকটি আটক করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য গলগলিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার দফতরের তরফে জানানো হয়েছে, আটক ট্রাকটির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের পাশাপাশি ৮.৩২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৈধ পরিবহণ চালান ও প্রয়োজনীয় নথি ছাড়া খনিজ পরিবহণ করা নিয়মের লঙ্ঘন বলে জানিয়েছেন আধিকারিকরা। এই ধরনের ঘটনায় নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খনি পরিদর্শক সুনীল কুমার জানান, জেলায় অবৈধ খনন, বেআইনিভাবে বালি উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। অবৈধ খনন বা খনিজ পরিবহণে কোনও যানবাহন জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রশাসনের এই অভিযানে অবৈধ বালি পরিবহণের সঙ্গে জড়িতদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজস্ব ফাঁকি এবং অবৈধ খনন রুখতে আগামী দিনেও নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে দফতরের তরফে স্পষ্ট করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস