
চেন্নাই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নিরাপত্তার কারণ দেখিয়ে লন্ডনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান বাতিল করেছে মেট্রোপলিটন পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চরম হতাশা ছড়িয়ে পড়েছে তাঁর শত শত অনুরাগীর মধ্যে। মঙ্গলবার লন্ডনের উচ্চতম বহুতল ‘দ্য শার্ড’-এর বাইরে প্রিয় তারকা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তবে পরিস্থিতি ও ভিড়ের চাপ বিবেচনা করে সেখানে পর্যাপ্ত পুলিশি অনুমতি মেলেনি। জননিরাপত্তার স্বার্থে মেট্রোপলিটন পুলিশ হস্তক্ষেপ করায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নেয় আয়োজক দল। লাউডস্পিকারে অনুষ্ঠান বাতিলের ঘোষণা হতেই বহুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা তৈরি হয়। উল্লেখ্য, তামিলনাড়ুতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে একটি সরকারি প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।
সামাজিক মাধ্যমে টিভিকে আইটি উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ঘিরে সাধারণ মানুষ ও অনুরাগীদের যে বিপুল আবেগ ও ভালোবাসা রয়েছে, তা দল শ্রদ্ধাভরে গ্রহণ করছে। কিন্তু সাধারণ মানুষের সুরক্ষা এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক অনুরোধের কথা মাথায় রেখে এই মুহূর্তে এমন এক অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিজয়ের পক্ষে সমর্থকদের সঙ্গে দেখা করা কোনোভাবেই সম্ভব নয়। পোস্টে আরও আর্জি জানানো হয়েছে, অনুরাগীরা যেন বিজয়ের সঙ্গে দেখা করার চেষ্টা না করেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী যে হোটেলে অবস্থান করছেন তার মূল প্রবেশদ্বারে কিংবা তাঁর যাতায়াতের রাস্তায় যাতে কেউ অপেক্ষা করে ভিড় না বাড়ান, সে বিষয়ে বিনম্র অনুরোধ জানিয়েছে দলের আইটি উইং।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ