
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টির বিরতিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ফিরেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরে বায়ুমণ্ডলীয় পরিস্থিতির জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার দুই ভিন্ন রূপ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে ভারী বর্ষণ জারি থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তির পর ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকলেও উত্তরবঙ্গে বর্ষণ অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরের পাহাড়ি ও তরাই-ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ