
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : ওসিএ মহিলা অনূর্ধ্ব -১৯ আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-এ মুখোমুখি হয়েছিল বাংলার দুই দল : বেঙ্গল - এ এবং বেঙ্গল - বি। বৃহস্পতিবার সেই লড়াইয়ে দাপুটে পারফরম্যান্স করে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল বেঙ্গল - বি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গল এ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে। শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ তৈরি করে বেঙ্গল বি-র বোলিং আক্রমণ। বিশেষ করে অদ্রিজা সরকারের নিয়ন্ত্রিত বোলিং নজর কাড়ে। মাত্র ৮ রান দিয়েই সে তুলে নেয় ২টি উইকেট। আরও কার্যকর ছিল প্রিয়াঙ্কা গোল্ডার। মাত্র ৪ রান খরচ করে তাঁর ঝুলিতে আসে ২ উইকেট।
৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য খুব বেশি সমস্যায় পড়তে হয়নি বেঙ্গল বি-কে। ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সিঞ্জিনি সরকার। যথেষ্ঠ ধৈর্য ধরেই ব্যাট করেছে। সে করে ৩৮ রান। এই খেলায় শেষ দিকেই প্রিয়াঙ্কা গোল্ডার অপরাজিত ১৪ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ফলে বেঙ্গল - এ'কে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী জয় পেল বেঙ্গল - বি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত