
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ফের জয়জয়কার। শুক্রবার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল বাংলার মেয়েরা। শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডি. টি. আও ট্রফির গ্রুপ লিগে ওড়িশাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলা দল। এই জয়ের ফলে সেমিফাইনালের দিকে বরং আরও এক ধাপ এগিয়ে গেল তারা।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলার মেয়েরা। প্রথমার্ধের ৩৮ মিনিটে শ্রেয়সী ভকতের গোলে এগিয়েও যায় বাংলা। বিরতিতে ১-০ গোলে এগিয়ে থাকে ও মাঠ ছাড়ে তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলা দল। ৫০ মিনিটে কুসুম ওঁরাও গোল করে দলের লিড ২-০ করে। এরপর ৫৯ মিনিটে একটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে ওড়িশা। কিন্তু সেই স্বস্তি আর স্থায়ী হয়নি। ঠিক পরের মুহূর্তেই, অর্থাৎ ৬০ মিনিটে, দিয়া বিশ্বাস বাংলার হয়ে তৃতীয় গোলটি করে। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানেই জয় সুনিশ্চিত করে বাংলার মেয়েরা।
দ্বিতীয় ম্যাচে এই জয়ের ফলে গ্রুপে বাংলার অবস্থান আরও শক্তিশালী হল। সেমিফাইনালে ওঠার পথও অনেকটাই মসৃণ হয়েছে। গ্রুপ লিগে বাংলার শেষ ম্যাচ রবিবার রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচে পরবর্তী পর্বের টিকিট সুনিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলার মেয়েরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত