
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : দাবার বোর্ডে বয়সের কোনও বাধা নেই। প্রবীণদের মানসিক সুস্থতা, একাকীত্ব এবং ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী ২০ সেপ্টেম্বর কলকাতার ক্যালকাটা রোয়িং ক্লাবে বসতে চলেছে বিশেষ দাবা প্রতিযোগিতা। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ৫০ বছর ও তার বেশি বয়সি বিশিষ্ট নাগরিকেরা এতে অংশ নেবেন।
উল্লেখ্য, চেসমিট ফাউন্ডেশন ও মাইন্ড গেমস চেস অ্যাকাডেমির উদ্যোগে এবং ক্যালকাটা রোয়িং ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় কর্পোরেট, শিক্ষা, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, আইন ও সাংবাদিকতা-সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেবেন। আন্তর্জাতিক মাস্টার (আইএম) এবং গ্র্যান্ডমাস্টার (জিএম)-সহ প্রতিষ্ঠিত দাবাড়ুদের বাবা-মা এবং বাংলার প্রাক্তন চ্যাম্পিয়ন দাবাড়ুরাও এতে উপস্থিত থাকবেন।
উদ্যোক্তাদের দাবি, গত পাঁচ বছর ধরে প্রবীণদের মধ্যে দাবার প্রসার এবং মানসিক সুস্থতার কার্যকর মাধ্যম হিসেবে এই খেলাকে তুলে ধরার কাজ চলছে। অনুষ্ঠানে দাবা ও আলঝাইমার্স, ডিমেনশিয়া এবং প্রবীণদের স্নায়বিক সুস্থতার পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা করা হবে। অনুষ্ঠানে রাজ্যের কয়েক জন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।
ক্যালকাটা রোয়িং ক্লাবের সম্মানীয় সম্পাদক তথা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ‘‘দাবা এমন একটি খেলা, যেখানে বয়স কোনও বাধা নয়। প্রবীণদের মানসিক চাপ সামলানো, একাকীত্ব কমানো এবং মস্তিষ্ককে সক্রিয় রাখার ক্ষেত্রে দাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’’ উদ্যোক্তারা মনে করছেন, প্রবীণদের পাশাপাশি শিশুদের মোবাইল-নির্ভরতা কমাতেও দাবা একটি গঠনমূলক বিকল্প হয়ে উঠতে পারে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত