
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য ।
১৫ বছর বয়সি সূর্যবংশীর জন্য সিনিয়র পুরুষ দলের হয়ে এটিই হবে প্রথম বড় টুর্নামেন্ট।
দুটি ব্লকবাস্টার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুম এবং জুনিয়র পর্যায়ে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর, সূর্যবংশী এই বছরের শুরুতে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাওয়ে সিরিজে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র পর্যায়ে অভিষেক হয়।
আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র ছয় ইনিংস খেলেছেন, কিন্তু এর মধ্যেই ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দুটি অর্ধশতক করেছেন। সূর্যবংশীর সবচেয়ে উল্লেখযোগ্য পরিসংখ্যান হলো তার স্ট্রাইক রেট—সব টি-টোয়েন্টি মিলিয়ে তার স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২১৬.৩২।
পুরুষদের ক্রিকেট আসর ২৪ সেপ্টেম্বর শুরু হলেও ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে এর চার দিন পর। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটি সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে, তবে তাদের প্রতিপক্ষ নিশ্চিত হবে প্রথম রাউন্ডের ম্যাচগুলোর পরেই।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি