২০ সেপ্টেম্বর 'বাংলা ভাষা দিবস' উদযাপনের ডাক এবিভিপির
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) রাজ্যজুড়ে আগামী ২০ সেপ্টেম্বর ''বাংলা ভাষা দিবস'' উদযাপনের আহ্বান জানিয়েছে। উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা ভাষা সংক্রান্ত আন্দোলনের স্মরণে এই দিনে বিভিন্ন সচেতনতামূলক ও
एबीवीपी फाइल चित्र


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) রাজ্যজুড়ে আগামী ২০ সেপ্টেম্বর 'বাংলা ভাষা দিবস' উদযাপনের আহ্বান জানিয়েছে। উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা ভাষা সংক্রান্ত আন্দোলনের স্মরণে এই দিনে বিভিন্ন সচেতনতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার এবিভিপির পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শুভব্রত অধিকারী, দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক নীলকান্ত ভট্টাচার্য এবং দক্ষিণবঙ্গের রাজ্য মিডিয়া আহ্বায়ক অনন্ত বড়ুই উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে নীলকান্ত ভট্টাচার্য বলেন, দাড়িভিটের ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। তিনি স্পষ্ট জানান, এবিভিপি এই বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি পুনরায় উপস্থাপন করছে।

তিনি আরও জানান, আগামী ৯ ও ১০ অক্টোবর কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে নবম সর্বভারতীয় মেডিক্যাল ও ডেন্টাল স্টুডেন্টস কনক্লেভ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০০-রও বেশি মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থী এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এবিভিপির 'মেডভিশন'-এর তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মেডিক্যাল শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

শুভব্রত অধিকারী দাবি করেন, ২০ সেপ্টেম্বরকে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে 'বাংলা ভাষা দিবস'-এর মর্যাদা দেওয়া উচিত। তিনি জানান, এই উপলক্ষ্যে রবিবার দাড়িভিট ছাড়াও রাজ্যের বিভিন্ন অংশে—বিশেষ করে কলকাতার কলেজ স্ট্রিট ও হাজরা মোড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। এর পাশাপাশি, ২১ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবিভিপির উদ্যোগে বাংলা ভাষা দিবস পালিত হবে।

তিনি জানান, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং তা বাঙালির ইতিহাস ও সংস্কৃতির মূল ভিত্তি। ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ছাত্র সমাজের দায়িত্ববোধ জাগ্রত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ




 

 rajesh pande