
বরানগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : শনিবার মহিলাকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বরানগরে। অভিযোগ, মহিলাকে হেনস্তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন চার যুবক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুনগর রোডে বৃহস্পতিবার রাতে এক মহিলা এক বিএলওর সঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় পিছন থেকে এসে জগজিৎ সিং নামে এক যুবক ওই মহিলাকে জড়িয়ে ধরেন। ঘটনাটি দেখে স্থানীয় কয়েকজন যুবক প্রতিবাদ করেন।
অভিযোগ, এরপর জগজিৎ সিংয়ের অনুগামী শিবা হেলা তাঁর লোকজনকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই জগজিৎ সিংয়ের দলবল ঘটনাস্থলে এসে প্রতিবাদী যুবকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। মারধরের ঘটনায় তিন যুবকের মাথা ফেটে যায়। আরও এক যুবক গুরুতর আহত হন বলে জানা গিয়েছে।
ঘটনার পর আহতদের উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের তরফে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
বরানগর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়