
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : আসন্ন ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ম্যাচের আগে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গের যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডা. ইন্দ্রনীল খান।যুবভারতী ক্রীড়াঙ্গনেই অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামের পরিকাঠামো, দর্শক পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন মন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রস্তুতির অগ্রগতির বিষয়েও খোঁজ নেন তিনি।
ম্যাচকে ঘিরে যাতে দর্শকদের কোনও অসুবিধা না হয় এবং গোটা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে। মাঠ ও স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি আয়োজকদের সঙ্গে সমন্বয় করেও পরিস্থিতি পর্যালোচনা করেন বিশদেই ক্রীড়ামন্ত্রী।
উল্লেখ্য, ভারত - ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। সেই আবহে ম্যাচের আগে যুবভারতীর প্রস্তুতি সরেজমিনে দেখে এদিন প্রয়োজনীয় নির্দেশ দেন ডা. ইন্দ্রনীল খান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত