
নারায়ণগড়, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : শনিবার রাধাষ্টমী উপলক্ষে উৎসবের আবহে সেজে উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদার ইসকন মন্দির। পুজো-অর্চনা ও ভক্তদের সমাগমে দিনভর মন্দির চত্বরে তৈরি হয় আধ্যাত্মিক পরিবেশ। এই আবহেই এদিন ইসকন মন্দিরে উপস্থিত হন নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরি।
মন্দিরে উপস্থিত অসংখ্য ভক্তের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত ভক্তরাও। ভক্তদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি রাধাষ্টমীর পবিত্র দিনে সকলের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি।
রাধাষ্টমী উপলক্ষে এদিন ইসকন মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আস্থা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পুজো-অর্চনায় সামিল হন বহু মানুষ। মন্দির চত্বরে ভক্তিমূলক পরিবেশের মধ্যেই চলে শুভেচ্ছা বিনিময়।
বিধায়ক রমাপ্রসাদ গিরি বলেন, “শুধু রাধাষ্টমী নয়, আমি সর্বদাই ইসকন মন্দিরে আসি। এখানে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হয়। এদিন রাধাষ্টমীর পবিত্র দিনে মানুষের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি।”
বিধায়কের উপস্থিতিকে ঘিরে ভক্তদের মধ্যেও উৎসাহ ও আনন্দ দেখা যায়। প্রার্থনা, ভক্তি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এদিন মন্দির চত্বরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়