
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। এই গণধর্ষণের ঘটনায় সাত দিনের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন। এই নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট চার জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহে দু’টি ছুরি এবং অভিযুক্তদের পরনের পোশাক উদ্ধার হয়েছে।
অভিযোগ উঠেছে, ওই নাবালিকাকে গণধর্ষণের পর নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং পরবর্তীতে একটি খোলা মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর দিল্লির পুলিশ কমিশনারকে একটি সময়বদ্ধ ও বিস্তারিত তদন্ত, কঠোর বিচার প্রক্রিয়া এবং সমস্ত ফরেনসিক প্রমাণ সংরক্ষণের জন্য চিঠি লিখেছেন। কমিশন পকসো আইন এবং বিএনএস-এর অধীনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ