
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : ২০তম 'রোজগার মেলা' উপলক্ষে শনিবার দেশজুড়ে ৫১ হাজারেরও বেশি নবনিযুক্ত যুবক-যুবতীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশের মোট ৪৫টি ভিন্ন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই বিশেষ কর্মসূচিতে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দফতরে নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে কলকাতার জাতীয় গ্রন্থাগারের ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন এবং হাওড়ার শরৎ সদনে পৃথকভাবে 'রোজগার মেলা'-র আঞ্চলিক পর্বের আয়োজন করা হয়েছিল। কলকাতায় আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। অন্যদিকে হাওড়ার কর্মসূচিতে নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এদিনের কর্মসূচিতে ১০ জন নবনিযুক্ত কর্মী কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদারের হাত থেকে এবং ২০ জন কর্মী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাত থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণ করেন। এছাড়া আরও ১১৯ জনেরও বেশি প্রার্থীর কাছে বৈদ্যুতিন বা ডিজিটাল (Electronic) মাধ্যমে নিয়োগপত্র পাঠায় রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নবনিযুক্ত কর্মীদের মধ্যে সিগন্যাল ও টেলিকম, ক্যারেজ অ্যান্ড ওয়াগন, ইলেকট্রিক্যাল বিভাগের অ্যাসিস্ট্যান্ট, ট্র্যাক মেইনটেইনার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer) সহ একাধিক গুরুত্বপূর্ণ পদের প্রার্থীরা রয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নবনিযুক্তদের অভিনন্দন জানান এবং 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে সরকারি পরিষেবা প্রদানে তাঁদের অপরিসীম ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। প্রসঙ্গতঃ দেশব্যাপী এই রোজগার মেলার মাধ্যমে এ যাবৎকাল প্রায় ১২.৭৫ লক্ষ যুবক-যুবতী সরকারি ক্ষেত্রে নিয়োগপত্র পেলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত