
আগরতলা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন টিটিএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচন এবং পুজোর পর সম্ভাব্য নগর ভোটকে সামনে রেখে সাংগঠনিক রণকৌশল নির্ধারণে বৈঠকে বসলো বিজেপি। শনিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে দলের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি, রাজ্যসভার সাংসদ, মন্ত্রী, বিধায়ক, এমডিসি এবং দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বসহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা উপস্থিত ছিলেন।
আগামী ২৮ সেপ্টেম্বর টিটিএএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার ও সাংগঠনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এর পাশাপাশি পুজোর পর আগরতলা পুর নিগমসহ রাজ্যের বিভিন্ন নগর পঞ্চায়েত ও পুর পরিষদের নির্বাচন ঘিরেও রাজনৈতিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে। এই দুই নির্বাচনকে সামনে রেখেই শনিবারের বৈঠকে দলের সাংগঠনিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন দলের সমস্ত জেলা ও মণ্ডল কমিটির সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, এমডিসি, বিধায়ক এবং মন্ত্রীরা।
বৈঠক প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, আসন্ন নির্বাচনগুলিকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি এবং রণকৌশল নির্ধারণ করতেই এই বৈঠক। বিশেষ করে ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন এলাকায় দলের সমঝোতা ও আসন সমন্বয়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, টিটিএএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনে বেশ কিছু এলাকায় তিপ্রা মথা এবং আইপিএফটি-র সঙ্গে বিজেপি-র সমঝোতা হয়েছে। আবার কয়েকটি এলাকায় জোটের বাইরে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পরিস্থিতিও রয়েছে। কোন এলাকায় কীভাবে নির্বাচনী লড়াই হবে, কোথায় সমঝোতা কার্যকর হবে এবং কোথায় দলীয় প্রার্থীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন—এসব বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ভিলেজ কমিটি নির্বাচনের পাশাপাশি নগর ভোট নিয়েও বিজেপি-র অন্দরে প্রস্তুতি শুরু হয়েছে। পুজোর পর আগরতলা পুর নিগমসহ বিভিন্ন নগর পঞ্চায়েত ও পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে নতুন করে দলকে সাজানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে, অসমর্থিত সূত্রে আরও জানা গেছে, আসন্ন নগর নির্বাচনে প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে পারে বিজেপি। আগরতলা পুর নিগমসহ বিভিন্ন নগর পঞ্চায়েত এবং পুর পরিষদের একাধিক ওয়ার্ডে নতুন মুখকে সামনে আনার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রার্থী করার ক্ষেত্রে এবার দল গুরুত্ব দিতে পারে বলেও খবর।
সূত্রের দাবি, বর্তমান কয়েকজন কাউন্সিলর ও কর্পোরেটরকে এবার পুনরায় প্রার্থী না করে নতুনদের সুযোগ দেওয়ার বিষয়টি দলের অভ্যন্তরে আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে বিজেপি-র পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রার্থী তালিকা বা সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
ভিলেজ কমিটি নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা এবং নগর ভোটের জন্য সম্ভাব্য প্রার্থী বাছাই—এই তিনটি বিষয়ই শনিবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। ফলে আগামী কয়েকদিনে বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ