
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের পরিবহণ দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউবিটিসি)-র বিভিন্ন অফিস, বাস ডিপো এবং টার্মিনাসে শুরু হচ্ছে বিশেষ সাফাই অভিযান। বৃহস্পতিবার থেকে ৫ সেপ্টেম্বর, তিনদিন ধরেই চলবে এই পরিচ্ছন্নতা কর্মসূচি।
উল্লেখ্য, এই কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কলকাতার মানিকতলা বাস ডিপো এবং বেলগাছিয়া বাস ডিপোয় বিশেষ সাফাই অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের। এরপর চলবে টানা কর্মসূচি। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং-এর উপস্থিতি ও নির্দেশনায় ওই দুই ডিপোয় পরিচ্ছন্নতা অভিযান একযোগে পরিচালিত হবে।
রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ। ডিপো ও টার্মিনাসগুলির সামগ্রিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কর্মী ও যাত্রীদের জন্য আরও সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরির উপরেও জোর দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত