
বহরমপুর, ২ সেপ্টেম্বর (হি.স.):
উপভোক্তা অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বহরমপুরে পালিত হল উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ। বুধবার দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্জ্বলন করেন রাজ্যের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ এবং মুর্শিদাবাদের জেলাশাসক আর. অর্জুন।
প্রচার, উপভোক্তা বিধান ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার সংক্রান্ত মুর্শিদাবাদ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপভোক্তাদের অধিকার, বাজারে ন্যায্য বাণিজ্যিক লেনদেন এবং প্রতারিত হলে আইনি প্রতিকার পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাজারে পণ্য কেনাবেচার ক্ষেত্রে ক্রেতাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। পণ্যের গুণগত মান, মেয়াদ, মূল্য এবং ওজন সম্পর্কে যাচাই করে কেনাকাটা করার পাশাপাশি রসিদ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়।
উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনের আধিকারিক এবং সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আগামী দিনগুলিতে উপভোক্তাদের স্বার্থ রক্ষায় আরও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়