
মালদা, ২ সেপ্টেম্বর (হি.স.): রাজ্য সরকারের উদ্যোগে খুব শীঘ্রই চালু হতে চলেছে মালদা বিমানবন্দর। বিমানবন্দর চালুর আগে পরিকাঠামো ও অন্যান্য প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সকালে বিমানবন্দর পরিদর্শন করলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি।
এদিন জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সঙ্গে নিয়ে মালদা বিমানবন্দর পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে বিমানবন্দরের পরিকাঠামো, প্রয়োজনীয় প্রস্তুতি-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। বিমানবন্দর চত্বরেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একপ্রস্ত আলোচনা করেন বিধায়ক।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অম্লান ভাদুড়ি জানান, রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পের অধীনে খুব শীঘ্রই মালদা বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দর চালুর লক্ষ্যে প্রয়োজনীয় তৎপরতা ও কাজ শুরু হয়েছে। সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতেই এদিন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পরিদর্শনে আসেন তিনি।
বিধায়ক আরও জানান, পরিদর্শনের মাধ্যমে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ বৈঠকে বিমানবন্দর চালুর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়