
আমেঠি, ২ সেপ্টেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে উত্তর প্রদেশের আমেঠি জেলার রামগঞ্জ থানা এলাকার রামগঞ্জ বাজারে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মোহনলাল মৌর্য (৫৫)। তিনি প্রতাপগড় জেলার বাসিন্দা এবং সুলতানপুরের একটি বেসরকারি ফাইন্যান্স সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে রামগঞ্জ বাজার এলাকায় একটি দ্রুতগতির নিয়ন্ত্রণহীন গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে রামগঞ্জের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গৌরীগঞ্জে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক গাড়িচালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস