
জাকার্তা, ২ আগস্ট (হি.স.) : বুধবার পুরুষদের এককের রাউন্ড অফ ৩২-এ শীর্ষ বাছাই এইচএস প্রণয় এক গেম পিছিয়ে থেকেও চাইনিজ তাইপের লিয়াও ঝুও-ফুকে পরাজিত করেছেন।
বিশ্বের ৩৯ নম্বর খেলোয়াড়টি এক ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে লিয়াওকে ১৮-২১, ২১-১৫, ২১-১৯ গেমে হারিয়ে শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করেছেন, যেখানে তিনি চিনের জুয়ান চেন ঝুর মুখোমুখি হবেন।
প্রথম রাউন্ডে বাই পাওয়া প্রণয় সর্বশেষ জুলাই মাসের শেষে তাইপেই ওপেনে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি শেষ ষোলোতে বাদ পড়েন। তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি।
মহিলাদের বিভাগে, শীর্ষ বাছাই অস্মিতা চালিহা থাইল্যান্ডের পর্নপিচা চোইকিওংকে ২১-১৭, ২৩-২১ গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন। তৃতীয় বাছাই অনমোল খার্ব হংকংয়ের লিয়াং কা উইংকে ২১-১৭, ২১-৯ গেমে হারিয়েছেন, অন্যদিকে ইলিশা পাল স্বদেশী আকার্শি কাশ্যপকে ২১-১৩, ২১-৭ গেমে পরাজিত করেছেন।
রোনাক চৌহান তার পুরুষদের এককের প্রথম রাউন্ডের ম্যাচে চিনের ইউ জুয়ান লিউকে ২১-১৫, ২১-১৮ গেমে পরাজিত করেন এবং পরের রাউন্ডে চাইনিজ তাইপের চেং-হান সাইকে ২৩-২১, ২১-১৯ গেমে পরাস্ত করেন। ৩২ দলের রাউন্ডের অন্য একটি ম্যাচে সানিথ দয়ানন্দ তৃতীয় বাছাইপ্রাপ্ত চিনা তিয়ান ইয়াও দংকে ৯-২১, ২১-১৮, ২১-১১ গেমে পরাজিত করেন।
কিরণ জর্জ, সতীশ কুমার করুণাকরণ, তানিয়া হেমন্ত ও অন্বেষা গৌড়া তাঁদের একক ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি