
শান্তিপুর, ২ সেপ্টেম্বর (হি.স.): বুধবার ক্রেতা সুরক্ষা সপ্তাহ উপলক্ষে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শান্তিপুরে একাধিক খাবারের দোকানে অভিযান চালাল প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দফতরের আধিকারিকদের সঙ্গে শান্তিপুর থানার পুলিশ এবং পৌরসভার প্রতিনিধিরা অভিযানে অংশ নেন। একটি রেস্টুরেন্ট-হোটেল, মিষ্টির দোকান এবং বিরিয়ানির দোকানে গিয়ে খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখা হয়।
অভিযানের সময় বেশ কিছু অসঙ্গতি নজরে আসে বলে জানা গিয়েছে। কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও খাদ্য তৈরির উপকরণ রাখা ছিল। আবার কোথাও মেয়াদোত্তীর্ণ মশলা এবং প্যাকেটজাত খাদ্যসামগ্রী পাওয়া যায়। একাধিকবার ব্যবহার করা ভোজ্য তেলও নজরে আসে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে আধিকারিকরা জানান।
এছাড়াও নিষিদ্ধ ২০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক এবং খবরের কাগজে খাবার পরিবেশনের বিষয়েও দোকানদারদের সতর্ক করা হয়। ডিপ ফ্রিজে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী একসঙ্গে রাখার ক্ষেত্রেও অনিয়ম ধরা পড়ে। বেশ কিছু উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়।
কোথাও হলুদ, কোথাও সসের নমুনা সংগ্রহ করা হয়েছে। মিষ্টির দোকান থেকে পুরনো পাটালি গুড় ও মিষ্টি তৈরির কিছু উপকরণও নেওয়া হয়। আধিকারিকদের গাড়িতে থাকা ভ্রাম্যমাণ পরীক্ষাগারে তাৎক্ষণিকভাবে কিছু নমুনা পরীক্ষা করা হয়। সংগৃহীত নমুনার পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়