নিম্নচাপের বৃষ্টিতে ফের প্লাবিত ঘাটাল, শিলাবতীর জলস্তর বাড়ায় দুর্ভোগ চরমে
ঘাটাল, ২ সেপ্টেম্বর (হি.স.): নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে ফের বাড়ল ঘাটালের শিলাবতী নদীর জলস্তর। নদীর জল বেড়ে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডের পাশাপাশি দেওয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জলের তলায় চলে গিয়েছ
ঘাটাল পুরসভা


ঘাটাল, ২ সেপ্টেম্বর (হি.স.):

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে ফের বাড়ল ঘাটালের শিলাবতী নদীর জলস্তর। নদীর জল বেড়ে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডের পাশাপাশি দেওয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট, বেশ কিছু বাড়িঘর এবং বিঘের পর বিঘে কৃষিজমি।

বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই শিলাবতী নদীর জলস্তর বেড়ে ঘাটাল পৌর এলাকা ও একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আগেই ফের কয়েকদিনের বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নতুন করে জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ঘাটালের পান্না এলাকার বাসিন্দারা। পান্না চাতাল এলাকায় কোথাও হাঁটুসমান জল জমে রয়েছে। সেই জল পেরিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল পড়ুয়ারাও একইভাবে জল পেরিয়ে যাতায়াত করছে। কোথাও নৌকা ও ডিঙির সাহায্যে চলছে যোগাযোগ।

প্লাবনের জেরে কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় চাষিরাও ক্ষতির আশঙ্কায় রয়েছেন। ফের জল বাড়তে থাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande