
মুম্বই, ২ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিম এশিয়ায় নতুন করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আমেরিকা-ইরান সংঘাতের জেরে প্রভাব পড়ল ভারতীয় অর্থনীতিতে। বুধবার টানা তৃতীয় দিন ভারতীয় শেয়ার বাজারে পতন লক্ষ্য করা গেছে।
এ দিন লেনদেনের শুরু থেকেই বাজার ছিল নিম্নমুখী। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স দিনের শেষে ৩৭৩.৯৩ পয়েন্ট হারিয়ে ৭৬,৫৭০.৩৫ পয়েন্টে থিতু হয়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি-ও ১৪১.৩৫ পয়েন্ট কমে ২৩,৯১৪.৪৫ পয়েন্টে বন্ধ হয়েছে।
শেয়ার বাজারের এই ধাক্কার সঙ্গে পাল্লা দিয়ে পড়েছে ভারতীয় মুদ্রাও। ভূ-রাজনৈতিক অস্থিরতার আবহে বিশ্বজুড়ে আমেরিকান ডলারের চাহিদা একধাক্কায় অনেকটা বেড়ে যায়। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় টাকার মূল্যে। বুধবার লেনদেনের শেষে ডলারের বিপরীতে টাকার দাম ২ পয়সা কমে দাঁড়িয়েছে ৯৪.৯৭ টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ