
গোড্ডা, ২ সেপ্টেম্বর (হি.স.) : বুধবার ঝাড়খণ্ডের গোড্ডা জেলার মহাগামা এলাকায় ইসিএলের আবাসিক কলোনি উর্জানগরে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি থেকে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা, প্রায় ১.১৩ কেজি রুপোর গয়না এবং ২৪.৪০ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি ছোট লোহার রডও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫-১৬ আগস্ট রাতে উর্জানগর আবাসিক কলোনির একটি কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে মহাগামা এসডিপিও-র নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে মহাগামার বাসিন্দা কানহাইয়া কুমার যাদব (২৬) ওরফে কানহাইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় অভিযুক্ত উর্জানগরের চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলে পুলিশ দাবি করেছে। তার দেখানো জায়গা থেকে চুরি যাওয়া টাকা ও গয়না উদ্ধার করা হয়।
বুধবার মহাগামা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিনব আনন্দ জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। চুরি-সহ তিনটি মামলায় সে আগে জেলেও গিয়েছে। জেরায় চুরি করা টাকার কিছু অংশ মদ্যপান ও জুয়ায় খরচ করার কথাও জানিয়েছে সে। ধৃতকে আদালতে পেশ করার পর গোড্ডা মণ্ডল কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস