
দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর (হি. স.): প্রযুক্তি গবেষণায় বড় স্বীকৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া বিশেষ স্মারকে জায়গা পেল দুর্গাপুর এনআইটির প্রযুক্তিতে তৈরি চিপ।সেমিকন ইন্ডিয়া ২০২৬ এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সেই স্মারক। ‘চিপস টু স্টার্টআপ’ বা C2S কর্মসূচির আওতায় তৈরি C2S0130 চিপ জায়গা করে নিয়েছে সেই বিশেষ স্মারকে। দেশের সেমিকন্ডাক্টর ও চিপ-ডিজাইন ক্ষেত্রে দুর্গাপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর
নয়াদিল্লির দ্বারকায় যশোভূমিতে অনুষ্ঠিত হয় ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’। আন্তর্জাতিক এই মঞ্চে বিশ্বের বিভিন্ন প্রান্তের সেমিকন্ডাক্টর সংস্থা, গবেষক, শিক্ষাবিদ, স্টার্টআপ এবং প্রযুক্তিবিদরা অংশ নিয়েছেন। এবারের থিম ছিল সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম। বিশ্বের প্রায় ৩০০টি আন্তর্জাতিক সংস্থাসহ ৬০০টিরও বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের মতো দেশগুলির আলাদা প্যাভিলিয়ন রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর (এনআইটি দুর্গাপুর) ভিএলএসআই ডিজাইন এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। দুর্গাপুর এনআইটির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের C2S প্রকল্পের অধীনে তৈরি হয়েছে C2S0130। এটি একটি ৩২-বিট সম্পূর্ণ ডিজিটাল বেসব্যান্ড মডুলেটর। প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রী ও গবেষকদের ল্যাব থেকে সরাসরি ফ্যাব্রিকেশনের সুযোগ প্রদানে সক্রিয়ভাবে কাজ করছে, যা তাদের ভিএলএসআই (VLSI) ডিজাইনের ধারণাগুলোকে ফ্যাব্রিকেশনের জন্য প্রস্তুত চিপ ডিজাইনে রূপান্তর করতে সক্ষম করে। এই ধরনের উদ্যোগগুলো এএসআইসি (ASIC), এফপিজিএ (FPGA), ভিএলএসআই (VLSI) ডিজাইন, ভেরিফিকেশন এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে ব্যবহারিক দক্ষতাসম্পন্ন প্রকৌশলী ও গবেষকদের একটি শক্তিশালী মেধাভাণ্ডার তৈরিতে সাহায্য করছে।
তবে এই প্রথম নয়। সেমিকন ইন্ডিয়া ২০২৫ মঞ্চেও এনআইটি দুর্গাপুরের চিপ নজর কেড়েছিল। ভারতের মাটিতে তৈরি প্রথম চিপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই চিপের প্রদর্শিত ডিজাইনগুলির মধ্যে ছিল NIT দুর্গাপুরের C2S0029। এনআইটি দুর্গাপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের (MeitY) ‘চিপস টু স্টার্টআপ’ (C2S) কর্মসূচির অধীনে ‘অ্যাসিঙ্ক্রোনাস ফিফো ফর ফরেস্ট ইভেন্ট মনিটরিং’ শিরোনামে একটি বাস্তব চিপ সফলভাবে টেপ আউট করেছে।
এবার আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রীর জন্য তৈরি স্মারকেই জায়গা করে নিল দুর্গাপুরের প্রতিষ্ঠানের নিজস্ব চিপ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান এনআইটি দুর্গাপুরের C2S প্রকল্পের কর্মী সুমন কল্যাণ পোরেল। প্রকল্পের উন্নয়ন ও বাস্তবায়নে যুক্ত ছিলেন শুভদীপ নাগ এবং স্বপ্নিল দাস চৌধুরীও। এই সাফল্যে C2S প্রকল্পের গবেষক, শিক্ষক, কর্মী ও ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন NIT দুর্গাপুরের অধিকর্তা অধ্যাপক অরবিন্দ চৌবে। তাঁর বক্তব্য, এই স্বীকৃতি শুধু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ নয়, গোটা প্রতিষ্ঠানের কাছেই গর্বের। প্রকল্পের প্রধান গবেষক ড. হেমন্ত কুমার মণ্ডল জানান, C2S কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা RTL ডিজাইন থেকে সিমুলেশন, সিন্থেসিস, ভেরিফিকেশন এবং বাস্তব চিপ তৈরির বিভিন্ন ধাপে হাতে-কলমে কাজ করার সুযোগ পাচ্ছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা