
কলকাতা, ২০ সেপ্টেম্বর হি. স.) : ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র আম্পায়ারদের উদ্যোগে এবং সিএবি-র সহযোগিতায় রবিবার ইডেন গার্ডেন্স চত্বরে আয়োজিত হল রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। আম্পায়ারদের এই উদ্যোগে ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত বহু মানুষ অংশগ্রহণ করেন। এদিন ওই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি-র প্রাক্তন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বাংলার রঞ্জি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রণজিৎ বন্দ্যোপাধ্যায়, সিএবি মেডিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দত্ত এবং সিএবি অবজার্ভার্স কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি-র অন্যান্য আধিকারিক ও সদস্যেরা।
প্রসঙ্গতঃ রক্তদানের পাশাপাশি শিবিরে স্বাস্থ্য সচেতনতা নিয়েও আলোচনা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ক্রিকেটের মাঠে আম্পায়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও তাঁদের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রক্তদান কর্মসূচির মাধ্যমে প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত