
কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): অনেক সমস্যার মাঝে শনিবার নাগোয়াতে এশিয়ান গেমসের উদ্বোধন হল। জমকালো অনুষ্ঠানে এশিয়ার সংস্কৃতি যেমন তুলে ধরা হলো, পাশাপাশি দেওয়া হলো বিভক্ত পৃথিবীতে ঐক্যের ডাক।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কারস্টি কোভেন্ট্রির পাশে বসে ৪৫টি দেশ ও অঞ্চলের প্যারেড বা কুচকাওয়াজ দেখার পর সম্রাট নারুহিতো গেমসের ২০তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ আল থানি তার ভাষণে দেন ঐক্যের ডাক।
তিনি বলেন,বিশ্ব যখন প্রায়শই সংঘাতে বিভক্ত হয়ে পড়ে, তখন এশিয়ান গেমসের খেলোয়াড়রা আমাদের মনে করিয়ে দেন যে, বিভিন্ন দেশের মধ্যে শান্তি, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা আজও এক শক্তিশালী শক্তি হিসেবে কাজ করে।”
হ্যামার থ্রো ইভেন্টে এশিয়ান গেমসের প্রাক্তন চ্যাম্পিয়ন জাপানের বাবা-ছেলে শিগেনোবু মুরোফুশি ও কোজি মুরোফুশি যৌথভাবে মশাল প্রজ্জ্বলন করেন।
এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন শ্যুটার মনু ভাকের এবং শট পুটার তাজিন্দরপাল সিং তূর।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ-পাস্টের আগে একটি হৃদয়-আকৃতির মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের পরিবেশনা ছিল।
এবারের আসরে ৪৩টি খেলার ইভেন্টে ৩৬৯টি স্বর্ণপদকের জন্য লড়তে আসা ১১ হাজারেরও বেশি খেলোয়াড় অংশ নিচ্ছে।
ভারতের মোট ৫০৩ জন ক্রীড়াবিদ (২৬৯ জন পুরুষ ও ২৩৪ জন মহিলা) দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি