
ভুবনেশ্বর, ২০ সেপ্টেম্বর (হি.স.): ওড়িশা ও ছত্তিশগড়ের মধ্যে দীর্ঘদিনের মহানদী জলবণ্টন বিরোধের দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। দু’দিনের ওড়িশা সফরে ভুবনেশ্বরে পৌঁছে রবিবার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। বিষ্ণুদেও সাই বলেন, মহানদী ইস্যুতে দিল্লিতে ওড়িশা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের মধ্যে আলোচনা হয়েছে। বিরোধের সমাধানে কেন্দ্রীয় জল কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে দুই রাজ্যই সম্মত হয়েছে। কেন্দ্রীয় জল কমিশন যে সিদ্ধান্তই নেবে, দুই রাজ্য তা মেনে নেবে বলে জানান তিনি।
বিষ্ণুদেও সাই বলেন, বর্তমানে মহানদী নিয়ে কোনও ধরনের জলবণ্টন বিরোধ নেই। তাঁর বক্তব্য, যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে, সেখানে জল সংক্রান্ত বিরোধ মেটানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ওড়িশা ও ছত্তিশগড়ের বিজেপি সরকার এবং কেন্দ্রে এনডিএ সরকার থাকায় মহানদী সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের আশা রয়েছে। ওড়িশা সফরে পুরীতে গিয়ে ভগবান শ্রীজগন্নাথের দর্শন করে রাজ্যবাসীর জন্য তাঁর আশীর্বাদ নেওয়ার কথাও জানান সাই।
ওড়িশা সফরে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির বৈঠকও প্রস্তাবিত রয়েছে। বৈঠকে মহানদী জলবণ্টন বিরোধের সমাধান-সহ দুই রাজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দুপুর প্রায় ১টা ২৫ মিনিটে রায়পুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সাইয়ের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য