
কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে বড়সড় সাফল্য পেল দুর্নীতি দমন শাখা । পাসপোর্ট ভেরিফিকেশনের নামে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগে দুই সিভিক ভলান্টিয়ারকে হাতেনাতে গ্রেফতার করেছে তদন্তকারী দল। সোমবার দুপুরে এসিবি-র পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নদিয়া জেলার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হরিণঘাটা ডিআইবি অফিসে ফাঁদ পেতে এই অভিযান চালানো হয়। সেখান থেকে দুই অভিযুক্তকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয়। হরিণঘাটা থানা এলাকার নিমতলা বাজারের এক বাসিন্দার লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগকারীর কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে এই অর্থ দাবি করা হয়েছিল।
অভিযোগ পাওয়ার পর এসিবি-র টিম একটি সুপরিকল্পিত ট্র্যাপ অপারেশন চালায় এবং ঘুষের টাকা গ্রহণ করা মাত্রই দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
রাজ্যে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আইপিএস আধিকারিক মুরলীধর শর্মা দুর্নীতি দমন শাখার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যজুড়ে দুর্নীতিগ্রস্ত সরকারি ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিক তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। রাজ্য সরকার এসিবি-কে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্দেশ্যে পুনর্গঠন করার পর, আইপিএস শর্মার নেতৃত্বাধীন নতুন টিম অত্যন্ত আগ্রাসী মেজাজে কাজ করছে।
আইপিএস মুরলীধর শর্মার প্রত্যক্ষ পরিচালনায় এসিবি সম্প্রতি একাধিক দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিককে নিজেদের জালে তুলেছে। এর আগে, ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে উপ-স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের বিল পাস করানোর বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছিল।
একইভাবে গত আগস্ট মাসে হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যাঁটরা থানার সাব-ইনস্পেক্টর সুব্রত সরকারকে একটি স্থানীয় মামলা রফা করার নামে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে আটক করা হয়। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্কের বাইরে থেকে বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে এক দালালকে শ্রীঘরে পাঠানো হয়েছে। এসিবি-র একের পর এক এই ধরণের ঝটিকা অভিযানে রাজ্যের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ও পুলিশ মহল তীব্র আতঙ্কে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি