গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): নন্দীগ্রাম ও খেজুরিতে খুন ও অস্ত্র আইনে চারটি মামলায় বর্তমানে পুলিশ হেফজাতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আরও পাঁচ মামলায় গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন জেলবন্দি কংগ্রেস প্রার্থী
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): নন্দীগ্রাম ও খেজুরিতে খুন ও অস্ত্র আইনে চারটি মামলায় বর্তমানে পুলিশ হেফজাতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আরও পাঁচ মামলায় গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন জেলবন্দি কংগ্রেস প্রার্থী।

সোমবার রক্ষাকবচ চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য শুনে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার মামলা শুনবেন বিচারপতি।

শুক্রবার চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল মিলন প্রধানের। নন্দীগ্রাম ও খেজুরিতে খুন ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে মিলনের নামে।

প্রায় দু’দশকের পুরনো ওইসব মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

সোমবার এ প্রসঙ্গে আদালতে মিলনের আইনজীবী সওয়াল করেন, একটি মামলায় তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। আরও পাঁচটি মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে। ওই পাঁচ মামলায় তাঁকে রক্ষাকবচ দেওয়া হোক।

এদিন আদালতে মিলনের আইনজীবী বলেন, ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর মক্কেল। সওয়ালের পর মিলনের আইনজীবীকে মামলা দায়ের করতে বলেন বিচারপতি ভট্টাচার্য।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande