
দার্জিলিং, ২১ সেপ্টেম্বর (হি. স.) : দার্জিলিং ও কালিম্পং জেলায় পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক সোমবার দার্জিলিংয়ে অনুষ্ঠিত হলো। বৈঠকে সভাপতিত্ব করেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় কুমার পোদ্দার। উক্ত বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত ছাড়াও প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দফতরগুলির উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে 'জল জীবন মিশন'-এর অধীনে গ্রামীণ পরিবারগুলিতে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। রাজ্য সরকারের অনুমোদিত সমস্ত প্রকল্প নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ করার পাশাপাশি বকেয়া কাজগুলি অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন মন্ত্রী।
প্রকল্প রূপায়ণে স্পষ্ট দায়িত্ব, সুদৃঢ় সমন্বয় এবং জবাবদিহিতা সুনিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দিনে সম্পর্কিত সমস্ত প্রকল্পের সমন্বয় ও বাস্তবায়নের কাজ একটি একক এজেন্সির মাধ্যমেই পরিচালিত হবে।
পূর্ত দফতরের পর্যালোচনায় দার্জিলিং ও কালিম্পং জেলায় চলমান, সমাপ্ত হওয়া এবং প্রস্তাবিত সড়ক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে দার্জিলিং সার্কুলার রোডের পাশাপাশি পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-২৭-এ ঘোষিত 'দার্জিলিং থেকে সুন্দরবন' প্রস্তাবিত হাইওয়ের অধীনে দার্জিলিংয়ের জন্য একটি বিকল্প হাইওয়ের প্রস্তাবও গুরুত্ব পায়।
এছাড়াও বৈঠকে পর্যটন ও পরিকাঠামো সম্পর্কিত একাধিক নতুন প্রস্তাব উঠে আসে। যার মধ্যে কার্শিয়াং-দার্জিলিং প্রস্তাবিত রোপওয়ে, জামুনিকে নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দার্জিলিংয়ে অতিরিক্ত পার্কিং পরিকাঠামো গড়ে তোলার বিশেষ পরিকল্পনা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ঘুম, লেবং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিকে নতুন পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সঙ্গে দার্জিলিং শহরের বিদ্যমান পার্কিং ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে দার্জিলিংয়ের বিধায়ক নোমান রায়, কার্শিয়াংয়ের বিধায়ক সোনম লামা, জল জীবন মিশনের মিশন অধিকর্তা তথা পিএইচই-র সিনিয়র স্পেশাল সেক্রেটারি রাজর্ষি মিত্র, জিটিএ প্রশাসক স্মৃতিরঞ্জন মহান্তি, দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পাণিক্কর এবং জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পর্যালোচনা বৈঠকে চলমান প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি কাজের ক্ষেত্রে উঠে আসা বিভিন্ন বাধা চিহ্নিত করা হয়। দার্জিলিং ও কালিম্পং জেলার সড়ক এবং পানীয় জল সংক্রান্ত প্রধান প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে অগ্রাধিকার স্থির করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি