ডিমা হাসাওয়ের সাংবাদিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, কল্যাণমূলক ব্যবস্থা ও প্রেস ভবনের দাবি
হাফলং (অসম), ২২ সেপ্টেম্বর (হি স): ডিমা হাসাও প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল মঙ্গলবার ডিফুতে অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে জেলার কর্মরত সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দাবিতে
CM


হাফলং (অসম), ২২ সেপ্টেম্বর (হি স): ডিমা হাসাও প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল মঙ্গলবার ডিফুতে অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে জেলার কর্মরত সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা দুর্গম পার্বত্য জেলা ডিমা হাসাওয়ে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাঁরা বলেন, সঠিক সংবাদ পরিবেশন, জনসাধারণের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে সাংবাদিকরা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে এখনও বহু সাংবাদিক পর্যাপ্ত পরিকাঠামো ও কল্যাণমূলক সহায়তা থেকে বঞ্চিত।

প্রেস ক্লাবের প্রতিনিধিরা স্বীকৃত সাংবাদিকদের জন্য উপযুক্ত কল্যাণমূলক প্রকল্প ও প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধা চালুর দাবি জানান। পাশাপাশি হাফলংয়ে একটি স্থায়ী প্রেস ভবন নির্মাণেরও দাবি জানানো হয়। এই ভবনটি সাংবাদিকদের প্রেস সম্মেলন, বৈঠক ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য ব্যবহার করা যাবে বলে তাঁরা জানান।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকা প্রয়াত ও প্রবীণ সাংবাদিকদের পরিবারের প্রতিও বিশেষ বিবেচনার আবেদন জানানো হয়। এছাড়া সাংবাদিকদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে পূর্বে আয়োজিত বিভিন্ন এক্সপোজার ট্যুর বা পরিচিতিমূলক সফর পুনরায় চালু করারও দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়, দাবিগুলির প্রতি সরকার সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে ডিমা হাসাওয়ে কর্মরত সাংবাদিকদের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে। প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যমন্ত্রীকে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে দাবিগুলির দ্রুত বাস্তবায়নে তাঁর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, অসমের পার্বত্য জেলাগুলিতে যোগাযোগ ও পরিকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সাংবাদিকদের প্রতিদিনের সংবাদ সংগ্রহ ও পরিবেশনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য আরও উন্নত প্রাতিষ্ঠানিক সহায়তার দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande