
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : আদিবাসী ও কুড়মি সমাজের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব ‘করম পরব’ উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি লেখেন, সকলকে জানাই করম পরবের শুভেচ্ছা ও অভিনন্দন।
এদিকে, করম পরবকে কেন্দ্র করে জঙ্গলমহলসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে উৎসব ও উদ্দীপনার এক রঙিন কোলাজ। বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকাগুলিতে আদিবাসী ও কুড়মি সম্প্রদায়ের ভাই-বোনেদের মধ্যে চরম উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ ধরা পড়েছে। প্রথা অনুযায়ী করম দেবতার আরাধনা, ঐতিহ্যবাহী নাচ-গান ও নানাবিধ সামাজিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে উঠেছেন স্থানীয় অধিবাসীরা।
উল্লেখ্য, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে করম পরব পালিত হয়। তবে বিভিন্ন অঞ্চলের প্রচলিত পঞ্জিকা ও স্থানীয় রীতি-নীতির পার্থক্যের কারণে চলতি বছর ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে জঙ্গলমহল ও তৎসংলগ্ন অঞ্চলের নানা জায়গায় এই লোকউৎসবের আয়োজন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত