কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব নিয়ে বৈঠকে নির্দেশিকা
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.): সম্প্রতি রাজ্যের বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতারা। তাঁরা কীভাবে কাজ করবেন, কলেজ পরিচালনার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব কী হবে তা স্পষ্ট করে দিল বঙ্গ বিজেপি। বুঝিয়ে দেওয়া হয়েছে তাঁদের এক্
কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব নিয়ে বৈঠকে নির্দেশিকা


কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.): সম্প্রতি রাজ্যের বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতারা। তাঁরা কীভাবে কাজ করবেন, কলেজ পরিচালনার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব কী হবে তা স্পষ্ট করে দিল বঙ্গ বিজেপি। বুঝিয়ে দেওয়া হয়েছে তাঁদের এক্তিয়ারও।

মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য বিজেপির একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে কলেজ পরিচালন সমিতির সভাপতিদেরও ডাকা হয়েছিল। সেখানেই কলেজ কীভাবে পরিচালনা করতে হবে সেই সংক্রান্ত একাধিক গাইনডাইন বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। এমনকী ক্ষমতার অপব্যবহারও রেয়াত করবে না দল।

কলেজ পরিচালন সমিতির সভাপতিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন সরকারি নির্দেশ, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মকানুন পালন করেই নিজেদের কাজ করেন।

বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পালাবদলের পর সেসব বরদাস্ত করা হবে না বলে আগেই সাফ জানিয়ে দিয়েছে বিজেপি।

রাজ্য বিজেপি নেতারা কলেজ পরিচালন সমিতির সভাপতিদের এদিন স্পষ্ট করে দেন, নিয়মিত জিবি বৈঠক ডাকতে হবে।

সভার কার্যবিবরণী যথাযথভাবেই লিপিবদ্ধ করে তাতে সই ও সংরক্ষণ করতে হবে। বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে নির্দিষ্ট সময় অন্তর তা তদারকি করতে হবে। এর পাশাপাশি বার্ষিক বাজেট তৈরি, কর্মীদের পিএফ জমার বিষয়টিও সভাপতিকেই দেখতে হবে। কর্মীদের ছুটি, পেনশন, এসিআর, গ্র্যাচুইটির সংক্রান্ত বিষয়েও নজর রাখতে হবে।

নির্দেশ দেওয়া হয়েছে, কলেজ সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়া কাউকে স্থায়ী শিক্ষক পদে নিয়োগ করা যাবে না। নিয়মিত পড়ুয়াদের হস্টেল, মেস পরিদর্শন করতে হবে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে সভাপতিকে। এর জন্য বিভিন্ন স্পোর্টস ও এনসিসিতে যোগদানের জন্য পড়ুয়াদের উৎসাহ দেবেন তিনি।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি পর্যবেক্ষক সুনীল বানসাল, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচাৰ্য, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি, বিধায়করা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande