অসমের জাটিঙ্গা নদীর তীরে আইএসএফের পরিচ্ছন্নতা অভিযান
হাফলং (অসম), ২২ সেপ্টেম্বর (হি স): ডিমা হাসাও জেলার হাফলং থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত জনপ্রিয় পিকনিক স্পট জাটিঙ্গা নদীর তীরে মঙ্গলবার পরিচ্ছন্নতা অভিযান চালাল এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম (আইএসএফ)। এই অভিযানে প্রায় ১৫০ জন যুবক-য
ISF


হাফলং (অসম), ২২ সেপ্টেম্বর (হি স): ডিমা হাসাও জেলার হাফলং থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত জনপ্রিয় পিকনিক স্পট জাটিঙ্গা নদীর তীরে মঙ্গলবার পরিচ্ছন্নতা অভিযান চালাল এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম (আইএসএফ)। এই অভিযানে প্রায় ১৫০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

নদীর তীর ও আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি জনপ্রিয় এই পিকনিক স্পটের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে পর্যটক ও দর্শনার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। পিকনিক শেষে প্লাস্টিকজাত বর্জ্য, খাবারের প্যাকেট, বোতল এবং অন্যান্য আবর্জনা ফেলে না যাওয়ার জন্যও সংগঠনের পক্ষ থেকে পিকনিকপ্রেমীদের আহ্বান জানানো হয়।

বোরাইল পর্বতমালা থেকে উৎপন্ন জাটিঙ্গা নদী হাফলং ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের পানীয় জলের একটি গুরুত্বপূর্ণ উৎস। ফলে নদী ও তার আশপাশের পরিবেশ সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পিকনিক মরশুমে জাটিঙ্গা নদীর তীর পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। তবে পিকনিক শেষে যত্রতত্র আবর্জনা ফেলে যাওয়ার প্রবণতা দিন দিন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নদীর তীরজুড়ে প্রায়ই ভাঙা কাচের বোতল, খাবারের প্যাকেট এবং বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়।

আইএসএফের সদস্যরা জানান, এই পরিচ্ছন্নতা অভিযান শুধু নদীর তীর পরিষ্কার করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নদী ও তার পার্শ্ববর্তী এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে সম্মিলিত দায়িত্ববোধ গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য। একই সঙ্গে জাটিঙ্গা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং নদীকে দূষণমুক্ত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande