
আগরতলা, ২২ সেপ্টেম্বর (হি.স.) : শারদ উৎসবের আগে বিভিন্ন পেশার শ্রমিকদের পূজা বোনাস ও অনুদান প্রদানের দাবিতে সরব হলো সিআইটিইউ। মঙ্গলবার শ্রম কমিশনারের কার্যালয়ে এই দাবিতে গণডেপুটেশন প্রদান করে সংগঠনটি। কর্মসূচি থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক নীতির সমালোচনা করার পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের শ্রমিকদের নিয়ে দিল্লিতে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।
শারদ উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। এই পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের উৎসবের আগে প্রাপ্য পূজা বোনাস ও অনুদান নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার সিআইটিইউ-র পক্ষ থেকে গণডেপুটেশনের আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। পরে সিআইটিইউ-র একটি প্রতিনিধি দল শ্রম কমিশনারের কার্যালয়ে গিয়ে আধিকারিকদের হাতে দাবিপত্র তুলে দেয়।
এদিন শ্রম দফতরের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে অভিযোগ করেন, শ্রমিকদের জন্য আইন ও বিভিন্ন চুক্তির মাধ্যমে একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকলেও বাস্তবে বহু ক্ষেত্রে শ্রমিকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর বক্তব্য, শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা না দিলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে মামলা করা, গ্রেফতারি পরোয়ানা জারি এবং জরিমানা আদায়ের মতো আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু বিভিন্ন পেশার শ্রমিকরা তাঁদের প্রাপ্য সুবিধা পাচ্ছেন কি না, তা নিয়ে শ্রম দফতরের যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
মানিক দে আরও অভিযোগ করেন, বিজেপি সরকার শ্রমিকদের স্বার্থের পরিবর্তে মালিকদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। তাঁর বক্তব্যে আদানি-আম্বানির প্রসঙ্গও উঠে আসে। শ্রমিক স্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে তিনি বলেন, পুরনো শ্রম আইন বাতিল করে শ্রম কোড চালু করা হয়েছে, যার বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিনের সভা থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে বৃহৎ শ্রমিক আন্দোলনের কর্মসূচির কথাও ঘোষণা করেন সিআইটিইউ রাজ্য সভাপতি। তিনি বলেন, “তৈরি থাকুন। ডিসেম্বরের ১, ২ ও ৩ তারিখ দিল্লির রাজপথে দেশের শ্রমিক শ্রেণী সমবেত হবে।” শ্রমিকদের বঞ্চনার অবসান এবং বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।
পথসভায় বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের বক্তব্যেও শ্রমিকদের পূজা বোনাস, অনুদান এবং বিভিন্ন প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করার দাবি উঠে আসে। মঙ্গলবারের কর্মসূচিতে বিভিন্ন পেশার শ্রমিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ