কিশনগঞ্জে অবৈধ বালি পরিবহণের বিরুদ্ধে অভিযান, পাঁচটি ট্রাক্টর বাজেয়াপ্ত
কিশনগঞ্জ, ২২ সেপ্টেম্বর (হি.স.): বিহারের কিশনগঞ্জে জেলায় অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। জেলাশাসক নবীন কুমারের নির্দেশে খনি দফতরের একটি দল বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালি বোঝাই পাঁচটি ট্রাক্টর বাজে
কিশনগঞ্জে অবৈধ বালি পরিবহণে অভিযান, পাঁচটি ট্রাক্টর বাজেয়াপ্ত


কিশনগঞ্জ, ২২ সেপ্টেম্বর (হি.স.): বিহারের কিশনগঞ্জে জেলায় অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। জেলাশাসক নবীন কুমারের নির্দেশে খনি দফতরের একটি দল বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালি বোঝাই পাঁচটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে একটি ট্রাক্টরের মালিকের উপর ১.০৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অবৈধ খনন ও বালি পরিবহণের বিরুদ্ধে চলা অভিযানের সময় চিচুয়াবাড়ি পিকেটের অন্তর্গত কটকুয়ায় তল্লাশি চালানো হয়। সেখানে অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করা হয়। ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট থানার হাতে তুলে দেওয়া হয়েছে। গাড়ির মালিকের উপর ১.০৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।অন্যদিকে, সোমবার গভীর রাতে আর্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি পরিবহণের অভিযোগে দুটি ট্রাক্টর আটক করা হয়। দুটি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জরিমানা ধার্য করার পাশাপাশি এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

এরপর মঙ্গলবার সকালে গলগলিয়া থানা এলাকাতেও অভিযান চালায় খনি দফতরের দল। সেখান থেকে অবৈধ বালি বোঝাই আরও দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের লাগাতার অভিযানে অবৈধ খনন ও বালি পরিবহণের সঙ্গে যুক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। খনি পরিদর্শক সুনীল কুমারের নেতৃত্বে পুরো অভিযান চালানো হয়। তিনি জানান, জেলায় অবৈধ খনন ও বালি পরিবহণের বিরুদ্ধে অভিযান ধারাবাহিকভাবে চলবে।

খনি পরিদর্শক আরও জানান, অবৈধভাবে বালি উত্তোলন বা পরিবহণ করতে গিয়ে কেউ ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলায় অবৈধ খননের উপর কার্যকরভাবে নিয়ন্ত্রণ আনাই প্রশাসনের এই অভিযানের মূল উদ্দেশ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande