স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশে সাহায্য, দুই বাংলাদেশি নাগরিক-সহ সেনাকর্মী গ্রেফতার
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতে ঢোকানোর অভিযোগে এক সেনাকর্মীকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় ওই সেনাকর্মীর পাশাপাশি অবৈধভাবে অনুপ্রবেশ করা দুই বাংলাদেশি নাগরিককেও গ্রেফ
স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশে সাহায্য, দুই বাংলাদেশি নাগরিক-সহ সেনাকর্মী গ্রেফতার


কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতে ঢোকানোর অভিযোগে এক সেনাকর্মীকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় ওই সেনাকর্মীর পাশাপাশি অবৈধভাবে অনুপ্রবেশ করা দুই বাংলাদেশি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার অন্তর্গত বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকান্দা আন্তর্জাতিক সীমান্তে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া টপকে দুই ব্যক্তি ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে কর্মরত সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের নজরে বিষয়টি চলে আসে। বিএসএফ জওয়ানরা দ্রুত দু'জনকে আটক করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা জয় বারুই এবং বৈশাখী বারুইকে বেআইনিভাবে সীমান্ত পার করিয়ে ভারতে প্রবেশ করানোর পেছনে এক সেনাকর্মীর সক্রিয় ভূমিকা ছিল। গ্রেফতার হওয়া ওই সেনাকর্মীর নাম গৌতম অধিকারী।

পুলিশ সূত্রের খবর, গৌতম অধিকারী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং বর্তমানে তিনি যোধপুরে কর্মরত রয়েছেন। তাঁর বাড়ি হুগলি জেলার মগরা এলাকায় বলে জানা গিয়েছে।

অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করানো এবং বাংলাদেশি নাগরিকদের ভারতে ঢোকাতে সাহায্য করার সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ তিনজনকেই গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে এই বেআইনি চক্রের পেছনে অন্য কোনও সংঘবদ্ধ পাচারকারী দল বা প্রভাবশালী ব্যক্তি যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এই অনুপ্রবেশ ও পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের সন্ধান চালাতে জোর তল্লাশি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande