
মন্দারমণি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া নদিয়ার এক তরুণীর দেহ উদ্ধার হল মন্দারমণিতে। সোমবার দুপুরে মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান নদিয়ার বাসিন্দা দম্পতি সুমন শীল ও বৃষ্টি শীল। মঙ্গলবার সকালে মন্দারমণি থানার জলধা ঘাট সংলগ্ন সমুদ্র থেকে বৃষ্টি শীল (১৯)-এর দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহটি বালিসাই হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখনও নিখোঁজ বৃষ্টির স্বামী সুমন শীল। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের পর্যটকদের সমুদ্রে স্নানের ক্ষেত্রে সতর্ক থাকার আবেদন জানিয়েছে পুলিশ ও প্রশাসন। দিঘা, মন্দারমণি-সহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে বারবার সমুদ্র দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটকদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যটক ও হোটেল অ্যাসোসিয়েশনগুলিকেও সতর্ক করা হয়েছে।
প্রশাসনের দাবি, সতর্কবার্তা সত্ত্বেও কিছু পর্যটক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ এলাকায় সমুদ্রে নামছেন। ফলে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কমাতে উপকূলবর্তী পর্যটনকেন্দ্রগুলিতে নুলিয়া ও নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। তাঁদের নজরদারি ও উদ্ধারকাজে মোতায়েন রাখা হয়েছে। এরপরও এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়