
শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : কিশোরী মেয়েকে পিটিয়ে মারার দায়ে মদ্যপ বাবাকে পুলিশ গ্রেফতার করল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ির খড়িবাড়ি এলাকায়।
মৃত ওই নাবালিকার নাম সোনালি কুজুর। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। ওই পরিবারের বাড়ি খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভাটাগছ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির রান্নাঘরে কাজ করছিল সোনালি। সেসময় তার মা প্রমিলা কুজুর মাঠের থেকে গবাদি পশু আনতে গিয়েছিলেন। সেসময় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন সায়ন কুজুর।
রান্নাঘরের কাজে ব্যস্ত মেয়েকে কিছু বলেছিলেন তিনি। কিশোরী সোনালি সেই মুহূর্তে সেই কথা শুনতে পারেনি। কেন কথার খেলাপ হল? সেই নিয়ে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন বাবা। মদ্যপ বাবা মেয়ের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করেন। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মেয়ে।
প্রতিবেশীরা কিশোরীকে উদ্ধার করে তড়িঘড়ি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। বাড়িতে মেয়ের মৃতদেহ নিয়ে এলে সত্য ঘটনা বেরিয়ে পড়ে।
মৃতদেহ উদ্ধার করে কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে বুধবার আদালতে তোলা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত