
গিরিডি, ২৩ সেপ্টেম্বর ( হি.স.): দলছুট হাতির আক্রমণে প্রাণ হারালেন এক বৃদ্ধ, গুরুতরভাবে আহত হয়েছেন একজন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, ঝাড়খণ্ডের গিরিডির পীরটাঁড় থানার অন্তর্গত মন্দারডিহ গ্রামে। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মঙ্গরা মাঝি (৭০)। আহতের নাম বাড়কি দেবী (৬৫) ।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার রাতে মৃতের পরিবারের সদস্যরা হাতির আক্রমণের খবরটি পাওয়ার পরেই তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মঙ্গরা মাঝিকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে মঙ্গরা মাঝিকে শৌচকর্মের জন্য স্ত্রী বাড়কি দেবী তাঁকে বাইরে নিয়ে গিয়েছিলেন। ঠিক সেই সময়েই অতর্কিতে একটি হাতি তাঁদের আক্রমণ করে। এলাকায় ৫-৬টি হাতি ছিল। তবে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, দলছুট একটি হাতিই ঘুরে বেড়াচ্ছিল । খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক