
মস্কো, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট বলে বুধবার জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, জেলেনস্কি চাইলে মস্কোয় আসতে পারেন এবং তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে।
সাংবাদিকদের পেসকভ বলেন, “পুতিন ও জেলেনস্কির বৈঠক নিয়ে আমাদের অবস্থান সকলেরই জানা। পুতিন বলেছেন, জেলেনস্কি চাইলে মস্কোয় আসতে পারেন। তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তা তিনি ভালোভাবেই জানেন।”
একই সঙ্গে পেসকভ বলেন, বিশেষজ্ঞ পর্যায়ের কাজ শেষ না করে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক করা বাস্তবসম্মত নয়। তাঁর মতে, তা করলে সময়ের অপচয় হবে।
এর আগে পেসকভ অভিযোগ করেছিলেন, কিয়েভ প্রশাসন লাগাতার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, “কিয়েভ শাসন তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। তাই আলোচনার মাধ্যমে শান্তির পথে যাওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে রাশিয়া হিসেবে আমরা শান্তিপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত।”
পেসকভ বলেন, ইউক্রেনের সামরিকীকরণ অব্যাহত রয়েছে। কারণ ইউরোপীয় দেশগুলি অস্ত্র কেনার জন্য নতুন করে অর্থের ব্যবস্থা করার চেষ্টা করছে।
ক্রেমলিনের মুখপাত্র আরও অভিযোগ করেন, যুক্তরাজ্যের নেতৃত্ব রাশিয়াবিরোধী মনোভাব উসকে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। জার্মানি, ফ্রান্স এবং আরও কয়েকটি ইউরোপীয় দেশেও একই ধরনের কাজ চলছে বলে দাবি করেন তিনি।
এদিকে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে নতুন বৈঠকের সম্ভাবনা নিয়ে পেসকভ জানান, ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পরবর্তী বৈঠক সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই। সাংবাদিকদের তিনি বলেন, “এখনও কোনও উচ্চপর্যায়ের বৈঠক নিয়ে নির্দিষ্ট তথ্য নেই। রাশিয়া-আমেরিকা বৈঠকের কথা বললে, প্রেসিডেন্ট এ ধরনের বৈঠকের জন্য প্রস্তুত। আসলে প্রেসিডেন্ট পুতিন এবং ট্রাম্প তাঁদের টেলিফোনে কথোপকথনের সময় সবসময়ই জোর দিয়ে বলেন যে, প্রয়োজন হলে ভবিষ্যতে তাঁরা আরও একটি বৈঠক করতে প্রস্তুত।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য