
দার্জিলিং, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিষ্টকে সিকিম রাজ্যের নতুন ‘ইনচার্জ’ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নতুন দায়িত্বভার গ্রহণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ রাজু বিষ্ট।
দায়িত্ব পাওয়ার পর রাজু বিষ্ট জানান, এই নতুন দায়িত্ব কেবল এক সাংগঠনিক কর্তব্য নয়, বরং সিকিমের সাধারণ মানুষ, দলীয় কর্মী এবং এনডিএ-র শরিক দলগুলির সাথে সমন্বয় ও সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক বিরাট সুযোগ।
তিনি আরও বলেন, সিকিমে তাঁর মূল অগ্রাধিকার হবে রাজ্য বিজেপির নেতৃত্ব ও নিষ্ঠাবান কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো এবং একেবারে তৃণমূল স্তরে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলা। সিকিমবাসীর আশা-আকাঙ্ক্ষা ও স্থানীয় সমস্যাগুলি কেন্দ্রীয় স্তরে সুনির্দিষ্টভাবে তুলে ধরার পাশাপাশি সার্বিক সংগঠনকে অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী করে তুলতে তিনি অঙ্গীকারবদ্ধ বলে ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্পের কথা উল্লেখ করে সাংসদ জানান, পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক কল্যাণ, যোগাযোগ ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই অগ্রগতির ধারায় সিকিমকেও শামিল করতে তিনি রাজ্যের প্রবীণ নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি