
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স. ) : বুধবার বিকেলের দিকে নিউটাউনের একটি শপিং মলে এক যুবক অপর এক যুবকের গলায় ছুরির কোপ মারে। এই ঘটনাকে কেন্দ্র করে দেখা দেয় ব্যাপক শোরগোল।
পুলিশ জানায়, ত্রিকোণ প্রেমের জেরে এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, শপিং মলে বসে কয়েকজন বন্ধু ঠান্ডা পানীয় ও কফি পান করছিলেন। সেই সময় তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মাঝেই এক বন্ধু ব্যাগ থেকে ছুরি বের করে। কিছু বুঝে ওঠার আগেই অপর এক বন্ধুর গলা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়।
আতঙ্কিত শপিং মলে উপস্থিত প্রায় সকলেই।
আক্রান্তকে বাঁচাতে এগিয়ে আসেন পাশে থাকা আরও এক বন্ধু। তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনায় গুরুতর জখম হন দু’জন। তাঁকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর অভিযুক্ত বন্ধুকে ঘটনাস্থলেই আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবককে আটক করে।
আটক যুবককে জেরা করে এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। টেকনো সিটি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত