
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : শারদোৎসবের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক জোড়া দারুণ সুখবর দিল রাজ্য সরকার। উৎসবের মরশুমে কেনাকাটা ও আনুষঙ্গিক খরচের কথা মাথায় রেখে চলতি মাসেই নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
আগামী ১৫ অক্টোবর সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অক্টোবর মাসের বেতন।
শুধু কর্মরত কর্মচারীরাই নন, একই দিনে পেনশন এবং ফ্যামিলি পেনশনভোগীদের অ্যাকাউন্টেও পৌঁছে যাবে তাঁদের প্রাপ্য টাকা। চলতি বছরে দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে ১৬ অক্টোবর। অর্থাৎ, ঢাকের কাঠি পড়ার ঠিক আগের দিনই সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাচ্ছে অক্টোবর মাসের বেতন ও পেনশন।
স্বাভাবিকভাবেই উৎসবের মুখে সরকারের এই পদক্ষেপে দারুণ স্বস্তিতে রাজ্য সরকারের লক্ষাধিক কর্মী ও অবসরপ্রাপ্ত আধিকারিকেরা।
বুধবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের গ্রুপ ‘টি’ থেকে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। অতিরিক্ত মুখ্য সচিব পি. কে. মিশ্রের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখে অক্টোবর মাসের বেতন, গ্রান্ট-ইন-এইড-এর বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড ও সাম্মানিক দেওয়া হবে। পাশাপাশি একই দিনে সমস্ত পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের অর্থও রিলিজ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত