মরণফাঁদে স্মার্ট সিটি! ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত যুবক, ভস্মীভূত স্কুটি
আগরতলা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : উন্নয়নের জেরে স্মার্ট সিটি আগরতলা কি ক্রমেই পরিণত হচ্ছে মরণফাঁদে? একের পর এক দুর্ঘটনা, জলাবদ্ধতা, নির্মীয়মাণ ভবন থেকে অগ্নিস্ফুলিঙ্গ এবং এবার ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হলেন যুবক। শুধু তাই নয়, ঘটনার পর
আহত যুবক হাসপাতালে


আগরতলা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : উন্নয়নের জেরে স্মার্ট সিটি আগরতলা কি ক্রমেই পরিণত হচ্ছে মরণফাঁদে? একের পর এক দুর্ঘটনা, জলাবদ্ধতা, নির্মীয়মাণ ভবন থেকে অগ্নিস্ফুলিঙ্গ এবং এবার ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হলেন যুবক। শুধু তাই নয়, ঘটনার পর ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকেই আগুন ধরে ভস্মীভূত হয়ে গেল তাঁর স্কুটি। পূর্ব আগরতলা থানার সামনে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, জনৈক যুবক স্কুটি নিয়ে পূর্ব আগরতলা থানার সামনে দিয়ে পুরনো মোটরস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। থানার ঠিক উল্টোদিকের এলাকায় আচমকাই বিপত্তি ঘটে। রাস্তার উপর ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার যুবকের গলায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ার পাশাপাশি রাস্তায় পড়ে গিয়ে গলা, হাত ও পায়ে গুরুতর আঘাত পান যুবকটি।

ঘটনার ভয়াবহতা আরও বাড়ে এরপর। স্থানীয়রা দ্রুত আহত যুবককে উদ্ধারে এগিয়ে আসেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলাকালীন ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার থেকেই আচমকা আগুন ধরে যায় স্কুটিতে। চোখের পলকে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় স্কুটিটি। আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি খবর পেয়ে বিদ্যুৎ নিগমের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে ছিঁড়ে পড়া তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহত যুবকের নাম অমিত আচার্য বলে জানা গেছে। বুধবার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঘটনার ভয়াবহতার কথা জানান। তাঁর কথায়, আচমকা বিদ্যুতের তার গলায় জড়িয়ে যাওয়ায় কিছু বুঝে ওঠার আগেই স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, রাজধানী আগরতলায় অন্যতম ব্যস্ত এলাকায় প্রকাশ্য রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এমন ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় বিদ্যুৎ নিগমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পুরনো মোটরস্ট্যান্ড ও পূর্ব আগরতলা থানার আশপাশের এলাকায় বিদ্যুৎ পরিবাহী তারগুলির অনেকটাই দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় রয়েছে। কোথাও তার ঝুলে রয়েছে, আবার কোথাও তারের অবস্থা অত্যন্ত নাজুক। ফলে পথচারী থেকে শুরু করে যানবাহন চালক—সকলের জন্যই তা বড় ধরনের বিপদের কারণ হয়ে উঠছে।

স্থানীয়দের আরও অভিযোগ, শুধু পুরনো মোটরস্ট্যান্ড এলাকাই নয়, রাজধানীর বিভিন্ন এলাকাতেই বিদ্যুৎ পরিবাহী তারের এমন বেহাল দশা দেখা যাচ্ছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জীর্ণ তার পরিবর্তনের দাবি দীর্ঘদিনের হলেও প্রয়োজনীয় তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।

উন্নত নগর ব্যবস্থাপনা ও স্মার্ট সিটির নানা প্রকল্পের মধ্যে যখন আগরতলা শহরকে আধুনিক করে তোলার উদ্যোগ চলছে, তখন ব্যস্ত সড়কের উপর ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে একজন পথচারীর গুরুতর আহত হওয়া এবং তাঁর স্কুটি পুড়ে যাওয়ার ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য দ্রুত জীর্ণ বিদ্যুৎ পরিবাহী তার চিহ্নিত করে সংস্কার ও প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande