
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স. ) : বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ছবি ফিরে এল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে। তাঁকে উদ্ধৃত করে লেখা, “আরবদের যে ভূমি ইজ়রায়েল দখল করে রেখেছে, সেই ভূমি তাকে ফিরিয়ে দিতে হবে...এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য ও বৈধ অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
বিষয়টি নিয়ে আলোচনা হয় নানা মহলে।
এরই নীচে একটি কিউআর কোড দিয়ে লেখা, ‘সম্পূর্ণ বক্তৃতা শুনতে স্ক্যান করুন’। স্ক্যান করলে সত্যিই দেখা যাচ্ছে একটি ইউটিউব লিঙ্ক, যেখানে অটলবিহারী বাজপেয়ীর বক্তব্য শোনা যাচ্ছে। এর প্রচারের দায়িত্বে ‘যাদবপুরের রাষ্ট্রবাদী ছাত্ররা’ রয়েছে বলে দাবি করা হয়েছে ব্যানারেই।
কিন্তু আদতে কারা এই ব্যানার তৈরি করেছে তা নিয়ে সংশয় রয়েছে। কোনও পক্ষই দায় স্বীকার করেনি।
দেওয়াল লিখনই নয়। এর আগে দক্ষিণপন্থী কর্মী সংগঠনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাল্পনিক কথোপকথনের যে ব্যানার লাগানো হয়েছিল, বৃহস্পতিবার তারই পাশে দেখা যায় জাতীয়তাবাদীদের ব্যানার।
এসএফআই-এর তরফে অভিনব বসু বলেন, “কারা লিখেছে বলতে পারব না। আমাদের তরফে এমন কোনও স্লোগান লেখা হয়নি।” ডেমোক্রাটিক ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিওয়াইএসএ) অনুভব গুপ্ত বলেন, “আমরা লিখিনি, কিন্তু অবশ্যই যাদবপুরের ছাত্ররাই লিখেছেন। আমরা মনে করি না, ভুল কিছু লেখা হয়েছে। হিটলার-মুসোলিনির বিরুদ্ধে তো লেখাই উচিত। আর আরএসএস-ও তেমনই সন্ত্রাস ছড়ানো দল। তাদের বিরুদ্ধেও লেখাই উচিত।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত