
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স. ) : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বারবার কুরুচিকর মন্তব্যর অভিযোগে বৃহস্পতিবার
অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের-সহ একাধিক দাবি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ৷
বিজেপির রাজ্যসভার সদস্য রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি অনন্ত মহারাজের বিরুদ্ধে তদন্তের আবেদনও জানানো হয়েছে৷
নেতাজির বিরুদ্ধে কুৎসিত আক্রমণ, অপমান ও অবমাননার অভিযোগের পরও নগেন রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় নানা পড়লে প্রশ্ন উঠেছিল।
এই মামলার আইনজীবী সায়ন দত্ত বলেন, অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে একাধিক বার কুরুচিকর মন্তব্য করেছেন৷ গত ২৯ জুলাই মামলাকারী অর্ণব পাল চৌধুরী তাঁর বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট সংসদ মার্গ পুলিশ স্টেশনে, এসপি কোচবিহার ও উত্তর চব্বিশ পরগনা জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছিলেন৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি৷ কোনও তদন্ত হয়নি। সেই জন্য কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অবিলম্বে এফআইআর দায়ের-সহ অন্যান্য আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত