স্বস্তির পথে নিউ হারাঙ্গাজাও, ২ নম্বর লাইনে লাইট ইঞ্জিন ও ব্যালাস্ট ট্রেনের পরীক্ষামূলক চলাচল
হাফলং (অসম), ৩ সেপ্টেম্বর (হি স)। অবশেষে বড় স্বস্তি নিউ হারাঙ্গাজাওয়ে। বসে যাওয়া রেলপথের জেরে ক্ষতিগ্রস্ত ২ নম্বর লাইনের পুনরুদ্ধার কাজ শেষ। বৃহস্পতিবার সেই লাইনে প্রথমে লাইট ইঞ্জিন এবং পরে ব্যালাস্ট ট্রেন চালিয়ে পরিকাঠামো পরীক্ষা করা হয়েছে। সব কি
Ballast Train


Light engine


হাফলং (অসম), ৩ সেপ্টেম্বর (হি স)। অবশেষে বড় স্বস্তি নিউ হারাঙ্গাজাওয়ে। বসে যাওয়া রেলপথের জেরে ক্ষতিগ্রস্ত ২ নম্বর লাইনের পুনরুদ্ধার কাজ শেষ। বৃহস্পতিবার সেই লাইনে প্রথমে লাইট ইঞ্জিন এবং পরে ব্যালাস্ট ট্রেন চালিয়ে পরিকাঠামো পরীক্ষা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার থেকেই ২ নম্বর লাইন দিয়ে যাত্রিবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে। একই সঙ্গে ৩ নম্বর লাইনের পুনরুদ্ধারের কাজও সম্পূর্ণ হওয়ায় নিউ হারাঙ্গাজাও স্টেশনে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করার পথে উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর)।

রেলপথ বসে যাওয়ার ঘটনায় নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু দিন ধরেই ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়েছিল। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ক্ষতিগ্রস্ত লাইনগুলিতে ট্রেন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়। দীর্ঘ মেরামত ও পরিকাঠামোগত কাজের পরে অবশেষে ২ নম্বর লাইনকে ফের পরিষেবায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

রেল সূত্রে খবর, বৃহস্পতিবার ২ নম্বর লাইনে লাইট ইঞ্জিন চালিয়ে পরীক্ষামূলক ভাবে লাইনের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এর পর ওই লাইন দিয়ে ব্যালাস্ট ট্রেনও চালানো হয়। লাইনের স্থায়িত্ব, ট্র্যাকের অবস্থা এবং ট্রেন চলাচলের উপযোগিতা যাচাই করতেই এই পরীক্ষামূলক যাত্রা বলে জানা গিয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে শুক্রবার থেকে ওই লাইন দিয়ে যাত্রিবাহী ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে।

তবে নিউ হারাঙ্গাজাওয়ের পুনরুদ্ধারের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। স্টেশনের কাছে ১ নম্বর লাইনের পুনরুদ্ধার কাজ অগ্রাধিকারের ভিত্তিতে চলছে। ফলে পুরো স্টেশন চত্বরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আরও কিছুটা সময় লাগবে।

এ দিকে, চলমান পুনরুদ্ধার কাজের মধ্যে ট্রেন চলাচল নিরাপদ ও সুষ্ঠু রাখতে কয়েকটি পরিষেবায় পরিবর্তন এনেছে এনএফআর। ৪ সেপ্টেম্বরের ১৫৬১৫ নম্বর গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

অন্য দিকে, একই দিনে ১৫৬৫০ নম্বর নারাঙ্গি–আগরতলা এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নারাঙ্গি থেকে ছাড়বে। ২০৫০৭ নম্বর সাইরাং–আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস-এর সময়ও বদলেছে। ওই ট্রেনটি সাইরাং থেকে রাত ৮টা ১০ মিনিটে ছাড়বে।

রেলের তরফে জানানো হয়েছে, নিউ হারাঙ্গাজাওয়ে বাকি থাকা ১ নম্বর লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী ট্রেন চলাচলে প্রয়োজনীয় পরিবর্তন করা হতে পারে। তবে ২ ও ৩ নম্বর লাইন পুনরুদ্ধার হওয়ায় এই গুরুত্বপূর্ণ পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে বড়সড় অগ্রগতি হয়েছে।

বিশেষ করে ২ নম্বর লাইনে পরীক্ষামূলক ভাবে লাইট ইঞ্জিন ও ব্যালাস্ট ট্রেন চালানোর পর শুক্রবার থেকে যাত্রীবাহী ট্রেন চালুর সম্ভাবনা যাত্রীদের মধ্যে নতুন করে স্বস্তি তৈরি করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande