দ্বারকেশ্বরের জল বাড়তেই বন্যার আশঙ্কা, গোঘাট থানার পক্ষ থেকে জারি মাইকিং
​আরামবাগ, ৩ সেপ্টেম্বর (হি. স.) : টানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে গোঘাটে বাড়তে শুরু করেছে দ্বারকেশ্বর নদীর জল। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী এলাকাগুলিতে বাড়ছে উদ্বে
গোঘাট থানার মাইক প্রচার


​আরামবাগ, ৩ সেপ্টেম্বর (হি. স.) :

টানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে গোঘাটে বাড়তে শুরু করেছে দ্বারকেশ্বর নদীর জল। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী এলাকাগুলিতে বাড়ছে উদ্বেগ।

​পরিস্থিতির গুরুত্ব বুঝে গোঘাট থানার পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকাগুলিতে শুরু করা হয়েছে সতর্কতামূলক মাইক প্রচার। বৃহস্পতিবার মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নদীর কাছাকাছি না যাওয়া এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে।

​থানার পক্ষ থেকে বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্যও প্রস্তুত থাকতে বলা হচ্ছে। দ্বারকেশ্বর নদীর জলস্তর ও বন্যা পরিস্থিতির ওপর প্রশাসন ও পুলিশ কড়া নজর রাখছে।

​টানা বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে—এই আশঙ্কায় আগেভাগেই সাধারণ মানুষকে সতর্ক করতে এই প্রচার চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande