
আরামবাগ, ৩ সেপ্টেম্বর (হি. স.) :
বন্যা পরিস্থিতির মধ্যেই খানাকুলের পানশিউলি এলাকায় দেখা মিলল ডলফিনের। বৃহস্পতিবার নদীর জলে ডলফিনের গতিবিধি নজরে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরল এই দৃশ্য নিজের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে উৎসাহীদের ভিড় জমে যায়।
রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া এবং টানা বৃষ্টির জেরে খানাকুল-সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে নদীগুলিতেও অস্বাভাবিক হারে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে খানাকুলের পানশিউলি এলাকায় মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর সংযোগস্থলে এই ডলফিনটিকে ভাসতে দেখা যায়।
স্থানীয় অধিবাসীদের মতে, নদীতে জল বাড়ার কারণেই সম্ভবত ডলফিনটি দিক হারিয়ে লোকালয়ের কাছাকাছি এই সংযোগস্থলের দিকে চলে এসেছে। সচরাচর লোকালয় সংলগ্ন নদীতে ডলফিনের আনাগোনা দেখা যায় না, ফলে বিষয়টি জানাজানি হতেই কৌতুহল তৈরি হয়। বন্যার আবহে যেখানে আতঙ্ক ও দুশ্চিন্তা গ্রাস করেছে, সেখানে নদীর জলে ডলফিনের উপস্থিতিতে ক্ষণিকের জন্য হলেও উৎসাহী পরিবেশের সৃষ্টি হয়।
নদীর পাড়ে ভিড় জমিয়ে অনেকেই ডলফিনটির খেলা উপভোগ করেন। তবে বর্তমান বন্যা পরিস্থিতিতে নদীগুলির জলস্তর ও স্রোত অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই কৌতূহলের বশে ডলফিন দেখতে গিয়ে কেউ যেন নদীর কাছে বা জলে নেমে বিপদের মুখে না পড়েন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA